আন্তর্জাতিকইন্ডিয়া

কলকাতার রাজপথে মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ও চলচ্চিত্রের কাজ নিয়েই সাধারণত ব্যস্ত থাকেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি মিছিলে অংশ নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নারী বিধায়ক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকা এবং সাধারণ মানুষ অংশ নেন।

মিছিলে জয়া আহসানের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি অন্যদের সঙ্গে স্লোগান দেওয়ার এবং ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতেও দেখা যায় জয়া আহসানকে।

মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে বাংলাদেশের নাগরিক হয়ে জয়া আহসান কেন কলকাতার এই কর্মসূচিতে অংশ নিলেন—এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতেই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। সেই ধারাবাহিকতায় জয়া আহসানও মিছিলে যোগ দেন।

নারীদের নিরাপত্তার দাবিতে তারকাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে সোচ্চার হওয়ায় অনেকে জয়া আহসানের এই অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন এবং তার প্রশংসাও করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button