মেয়ে শিশু হাফপ্যান্ট পরায় পর্যটকদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের পুনের ঐতিহাসিক সিংহগড় দুর্গে পর্যটকদের পোশাক নিয়ে আপত্তি তুলে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের পরদিন ১৬ আগস্ট দুর্গ এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন পর্যটকদের একটি পরিবারের সদস্যদের পোশাক নিয়ে আপত্তি জানিয়ে স্থানীয় কয়েকজন তাদের থামান। পরে বিষয়টি নিয়ে তর্কাতর্কি শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
পুনের পুলিশ সুপার সন্দীপ সিং গিল জানান, এক যুবক ও কয়েকজনের একটি দল দুর্গে বেড়াতে যাওয়া একটি পরিবারকে আটকে তাদের ৮ বছর বয়সী মেয়ের হাফপ্যান্ট পরা নিয়ে প্রশ্ন তোলে। এ নিয়ে কথা-কাটাকাটির পর পর্যটকদের ওপর হামলা করা হয়।
পুলিশের ভাষ্য, অভিযুক্তরা নিজেদের দুর্গ সংরক্ষণ সমিতির সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাদের অভিযোগ ছিল, পর্যটকরা যথেষ্ট শালীন পোশাক পরেননি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নারী, শিশু ও বয়স্কদেরও মারধর ও হেনস্তার শিকার হতে হয়। প্রায় দুই ঘণ্টা ধরে এ ধরনের পরিস্থিতি চলায় দুর্গে থাকা অন্য পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে সেখান থেকে দ্রুত সরে যান।
ঘটনার পর অভিযোগ পেয়ে হাভেলি থানার পুলিশ তদন্ত শুরু করে এবং ৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঐতিহাসিক সিংহগড়সহ পুনে ও আশপাশের মারাঠা আমলের দুর্গগুলো দীর্ঘদিন ধরে পর্যটকদের অন্যতম আকর্ষণ। সেখানে পোশাকের অভিযোগ তুলে পর্যটকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় পর্যটন পরিবেশ ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



