আন্তর্জাতিক

কোরআন প্রতিযোগিতায় অংশ নিলেন খ্রিস্টান যুবক, জিতলেন ফ্রি ওমরাহ

আন্তর্জাতিক ডেস্ক: মিসরে কোরআনভিত্তিক একটি ইসলামী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন মিনা নামের এক খ্রিস্টান যুবক। তবে নিজের জন্য নয়, দীর্ঘদিনের মুসলিম প্রতিবেশী উম আলীর ওমরাহর স্বপ্ন পূরণ করতেই তিনি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

মিসরের ইসলামী আলোচক ড. আইমান আবু ওমরের একটি লাইভ অনুষ্ঠান থেকে মিনা জানতে পারেন, উম আলী বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পেতে ওই কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিষয়টি জানার পরই তিনি সিদ্ধান্ত নেন, প্রয়োজনে উম আলীর হয়ে তিনিই প্রতিযোগিতায় অংশ নেবেন।

মিনা বলেন, তিনি খ্রিস্টান হলেও প্রতিবেশীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সহায়তা করাই ছিল তাঁর উদ্দেশ্য। প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা তিনি শুরুতেই উম আলীকে জানিয়েছিলেন। উম আলী নিজে পুরস্কার জিততে না পারলে তাঁর হয়ে পুরস্কারটি জেতার চেষ্টা করবেন বলেও জানান মিনা।

পুরস্কার জিততে মিনা ৫০ থেকে ৬০ বারের বেশি সঠিক উত্তর জমা দেন। শেষ পর্যন্ত তাঁর চেষ্টা সফল হয় এবং তিনি বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ অর্জন করেন।

উম আলী জানান, প্রতিযোগিতায় মিনার অংশগ্রহণ শুরু থেকেই তাঁর নজর কেড়েছিল। পরে যখন জানতে পারেন, মিনা তাঁর জন্য ওমরাহর সুযোগ নিশ্চিত করেছেন, তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে ওমরাহ পালনের স্বপ্ন দেখছিলেন উম আলী। শারীরিকভাবে সক্ষম থাকা অবস্থায় পবিত্র এই সফরে যাওয়ার জন্য তিনি নিয়মিত দোয়া করতেন।

সুখবরটি জানানোর পর উম আলীর চোখে পানি দেখে মিনা নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর ভাষায়, ওমরাহর সুযোগ পাওয়ার খবরটি যে এতটা আনন্দের হতে পারে, তা তিনি আগে বুঝতে পারেননি।

জানা যায়, দুই পরিবারের মধ্যে দুই দশকেরও বেশি সময়ের প্রতিবেশী সম্পর্ক রয়েছে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে। খ্রিস্টান মিনা উম আলীকে নিজের বড় বোনের মতো মনে করেন এবং তাঁর মা-বাবার প্রতিও পরিবারের সদস্যের মতোই সম্মান ও ভালোবাসা দেখান।

মিনার এই মানবিক উদ্যোগ মিসরের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও দুই প্রতিবেশী পরিবারের মধ্যে গড়ে ওঠা আন্তরিক সম্পর্কের একটি সুন্দর উদাহরণ হিসেবে ঘটনাটি আলোচনায় এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button