সিঙ্গাপুরে প্রতিটি শিশুকে ৭০ হাজার ডলার সহায়তা দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক: পরিবারগুলোর ওপর সন্তান লালন-পালনের আর্থিক চাপ কমাতে নতুন ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’ চালু করার পরিকল্পনা নিয়েছে সিঙ্গাপুর সরকার। এ কর্মসূচির আওতায় জন্মের পর থেকে ১৭ বছর বয়স পর্যন্ত একটি শিশুর জন্য প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা সরকারি সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং নতুন এই সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছেন। সরকারের হিসাব অনুযায়ী, প্যাকেজটির মূল আর্থিক মূল্য প্রায় ৬২ হাজার সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকা।
এর সঙ্গে নবজাতকের জন্য আগে থেকেই চালু থাকা ৫ হাজার সিঙ্গাপুর ডলারের চিকিৎসা অনুদান এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সময় দেওয়া বার্ষিক সরকারি অবদান যুক্ত হবে। সব মিলিয়ে একটি শিশু ১৭ বছর বয়স পর্যন্ত প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলারের সরকারি সুবিধা পেতে পারে।
জন্মক্রম অনুযায়ী সুবিধার পার্থক্য থাকছে না
বর্তমানে সিঙ্গাপুরে পরিবারের সন্তানদের জন্মক্রম অনুযায়ী সরকারি সহায়তার পরিমাণে পার্থক্য রয়েছে। একটি শিশু বর্তমানে সর্বনিম্ন ২৭ হাজার ৫০০ ডলার থেকে সর্বোচ্চ ৫৬ হাজার ৫০০ ডলার পর্যন্ত সরকারি সহায়তা পেয়ে থাকে।
নতুন ব্যবস্থায় এই পার্থক্য তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ পরিবারের প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান কিংবা পরবর্তী সন্তান—সব শিশুই একই ধরনের সরকারি সহায়তার আওতায় আসবে।
সরকারের নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো সন্তান জন্মের পর এককালীন সহায়তার পাশাপাশি শিশুর বেড়ে ওঠা ও শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে পরিবারগুলোর পাশে থাকা। এর ফলে শিশু লালন-পালনের দীর্ঘমেয়াদি ব্যয় সামলাতে পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।



