আন্তর্জাতিকইন্ডিয়া

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাংকে মিলল ১০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটকের মান্ডিয়ায় ভিক্ষা করে জীবন চালানো ৬৯ বছর বয়সী এক নারীর মৃত্যুর পর তার বাড়ি ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৮ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।

মৃত ওই নারীর নাম নূর। তিনি মান্ডিয়ার ইস্ট থানা এলাকার গুট্টালু রোডের সবদারিয়াবাদ মহল্লায় একাই বসবাস করতেন। দীর্ঘদিন ধরে রাস্তা ও বিভিন্ন ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন তিনি।

গত বুধবার (১৯ আগস্ট) বার্ধক্যজনিত অসুস্থতায় নূরের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তার শেষকৃত্য সম্পন্ন করেন।

মৃত্যুর পর নূরের বাড়িতে থাকা জিনিসপত্র খুঁজতে গিয়ে স্বজন ও স্থানীয়রা ব্যাগভর্তি মুদ্রার সন্ধান পান। দীর্ঘদিন ধরে ভিক্ষা করে পাওয়া টাকা তিনি ব্যাগে জমিয়ে রাখতেন বলে জানা গেছে।

সেসব মুদ্রা গণনার পাশাপাশি তার ব্যাংক অ্যাকাউন্টের অর্থ হিসাব করা হয়। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ৪০ হাজার রুপি সঞ্চয়ের তথ্য পাওয়া যায়।

নূর দীর্ঘদিন একা থাকায় তার এই সঞ্চয়ের বিষয়টি আশপাশের অনেকেরই জানা ছিল না। ভিক্ষা করে পাওয়া সামান্য সামান্য অর্থ জমিয়েই তিনি এত টাকা সঞ্চয় করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নূরের মৃত্যু স্বাভাবিক হওয়ায় এ ঘটনায় কোনো মামলা করা হয়নি। মৃত্যুর পর তার সঞ্চিত অর্থের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button