আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইরান তার দুই ছেলের একজনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
মঙ্গলবার (২৪ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ অভিযোগ করেন নেতানিয়াহু। আসন্ন নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নিরাপত্তা নিয়ে আলোচনা করার সময় প্রসঙ্গটি উঠে আসে।
আইজেনকটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের অবস্থান সম্পর্কে কথা বলতে গিয়ে নেতানিয়াহু বলেন, তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া প্রয়োজন। ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা না হলে ইরানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে সফল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ইরানের কথিত হামলার নিশানায় তার কোন ছেলে ছিলেন, তা তিনি স্পষ্ট করেননি। তার বড় ছেলে ৩৫ বছর বয়সী ইয়াইর ২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থান করছেন বলে জানা যায়। সেখানে তাকে শিন বেটের নিরাপত্তা দেওয়া হচ্ছে। সরকারি অর্থে তার নিরাপত্তার ব্যবস্থা এবং মায়ামিতে অবস্থান নিয়ে ইসরায়েলে আগে থেকেই সমালোচনা রয়েছে।
নেতানিয়াহুর বক্তব্যের পর ইসরায়েলি সাংবাদিক অমিত সেগাল জানান, তার এক ছেলেকে হত্যার চেষ্টার বিষয়টি কয়েক মাস আগেই জানা গিয়েছিল। তবে আদালতের নির্দেশে এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি বলে দাবি করেন তিনি।
এদিকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গও সামনে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। ওই হামলায় মোজতবা নিজেও আহত হন এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে জানা যায়।
পরবর্তীতে এক বার্তায় মোজতবা খামেনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।
তবে নেতানিয়াহুর ছেলেকে হত্যার কথিত প্রচেষ্টা সম্পর্কে ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



