আন্তর্জাতিক

মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, বিদেশি কর্মীদের বেতন মালদ্বীপ মুদ্রা কর্তৃপক্ষের (এমএমএ) নিবন্ধিত বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানে কর্মীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশিদের কর্মসংস্থানসংক্রান্ত বিধিমালায় সংশোধনী এনে ৫৮ নম্বর ধারার পর নতুন একটি উপধারা যুক্ত করেছে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়। ঘোষণা প্রকাশের ৩০ দিন পর থেকে নতুন এই বিধান কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কর্মীদের বেতন নগদে নয়, ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করতে হবে। এর ফলে কর্মীদের বেতন পরিশোধ ও আর্থিক লেনদেনে আরও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার বিধান থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি। বিধান অমান্য করলে নিয়োগকর্তাদের ১০ হাজার থেকে ৫০ হাজার রুফিয়া পর্যন্ত জরিমানার বিধান ছিল।
২০১৬ সালে আইনি সংশোধনের মাধ্যমে জরিমানার ব্যবস্থা চালু হলেও ২০১৭ সালের ২৮ ডিসেম্বর তা স্থগিত করা হয়।

বিদেশি কর্মীদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগটি মূলত তাদের আর্থিক লেনদেন আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ এবং মালদ্বীপ থেকে বিদেশে পাঠানো অর্থের ওপর প্রযোজ্য রেমিট্যান্স ট্যাক্স আদায়ের সঙ্গে সম্পর্কিত।

সরকারের তথ্য অনুযায়ী, মালদ্বীপে বিপুলসংখ্যক বিদেশি কর্মী কর্মরত থাকলেও তাদের একটি অংশ বিভিন্ন নিয়মকানুনের বাইরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ ও কর্মসংস্থান ব্যবস্থাপনা জোরদারে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

গত ৯ মে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহসান জানিয়েছিলেন, দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের ৯৮ শতাংশের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।

বিদেশি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন প্রদানের বিধান কার্যকর হলে বেতন পরিশোধ ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য ৩ শতাংশ রেমিট্যান্স ট্যাক্স আদায় ও আর্থিক লেনদেন পর্যবেক্ষণ আরও কার্যকর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button