নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি আগামী ২৯ আগস্ট ম্যানহাটনে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের অংশগ্রহণে অনুষ্ঠানের বিরোধিতা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি ‘সর্বজনীন একাত্মতা উদযাপন’ নামে একটি আয়োজন, যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেবেন। তবে আরএসএসের মতাদর্শ ও অতীত কর্মকাণ্ড নিয়ে আপত্তি থাকায় নিউইয়র্কের কয়েকটি ব্যক্তি ও সংগঠন অনুষ্ঠানটির বিরোধিতা করেছে।
মামদানি বলেছেন, তিনি অনুষ্ঠানটিকে সমর্থন করেন না। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, এটি একটি বেসরকারি অনুষ্ঠান হওয়ায় নিউইয়র্ক সিটির সেটি বাতিল করার আইনি ক্ষমতা আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
ভারত সম্পর্কে নিজের পারিবারিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে মামদানি বলেন, তিনি এমন একটি ভারত সম্পর্কে জেনে বড় হয়েছেন যেখানে বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, সমান অধিকার ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দেওয়া হয়। সেই জায়গা থেকে তিনি এমন একটি মতাদর্শের উত্থানকে বেদনাদায়ক বলে মন্তব্য করেন, যার ভিত্তি তাঁর ভাষায় বর্জনমূলক বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি।
সূত্র: এনডিটিভি



