আন্তর্জাতিক

নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে হঠাৎ নেমে আসা পানির ঢলে নেপালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এ বন্যায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে ৩৮৪ জন পর্যটকের সন্ধান মিলছে না। বন্যার পানিতে বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত ভোতে কোশি নদীতে আকস্মিকভাবে পানির উচ্চতা বেড়ে যাওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বত সীমান্তবর্তী অঞ্চল থেকে আসা পানির ঢল থেকেই এ আকস্মিক বন্যার সূত্রপাত।

নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডিআইজি অবিনারায়ণ কাফলের বরাত দিয়ে নেপাল নিউজ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এ পর্যন্ত অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্গত বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে, বন্যাকবলিত এলাকা থেকে ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতের নাগরিক বলে জানা গেছে।

এদিকে রসুয়া জেলায় নেপাল পুলিশের ২৬ সদস্যেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সশস্ত্র পুলিশ বাহিনীর সাত সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার অভিযান জোরদার করেছে নেপাল সরকার। দুর্গত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত সদস্যদের পাঠিয়েছে দেশটির সেনাবাহিনী। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button