নেপালে বন্যা-ভূমিধস, সবাই আমাদের জন্য দোয়া করবেন: তাসরিফ খান

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার মধ্যে নিজের ও দলের সদস্যদের নিরাপদ থাকার খবর জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। দেশটির তিব্বত-চীন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডে বহু পর্যটক নিখোঁজ ও হতাহতের ঘটনায় দেশে-বিদেশে থাকা তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাসরিফ জানান, তারা বর্তমানে নেপালেই অবস্থান করছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছেন। তিনি বলেন, নেপালের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ দুর্যোগ। উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় শত শত পর্যটক নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যাও বাড়ছে।
দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজসহ বিভিন্ন মাধ্যমে তাদের খোঁজ নিয়েছেন বলে জানান তাসরিফ। সবার উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তবে নিজেদের নিরাপত্তার খবর দেওয়ার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই শিল্পী। বিপদে পড়া মানুষদের দ্রুত উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য প্রার্থনা করেন তিনি। একই সঙ্গে ভক্তদেরও তাদের জন্য দোয়া করার অনুরোধ জানান।
কুঁড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খান গান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্যও পরিচিত। বর্তমানে নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি ও তার দল এবং সুযোগ অনুযায়ী নিরাপদ স্থানে ফেরার অপেক্ষায় রয়েছেন।



