আন্তর্জাতিক

হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ভিডিওতে তার কণ্ঠ জড়িয়ে যাওয়া, চোখের দৃষ্টি ও কথাবার্তার ধরন দেখে অনেকেই তাকে নেশাগ্রস্ত বলে দাবি করছেন। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উপলক্ষে চুলের সাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হানিয়া। এ সময় নিজের টিম ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। চুলের সাজ আড়াল করতে উইগ ব্যবহারের বিষয়েও স্টাইলিস্টকে কিছু নির্দেশনা দিতে দেখা যায় অভিনেত্রীকে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা ধরনের মন্তব্য। তার কথা বলার ভঙ্গি ও অঙ্গভঙ্গি দেখে কেউ কেউ মাদক বা অ্যালকোহল সেবনের অনুমান করছেন। আবার অনেকে বিষয়টি নিয়ে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ও আচরণ নিয়েও সমালোচনা করছেন।

তবে হানিয়ার ভক্তদের একটি বড় অংশ এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, ভিডিওতে এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই, যার ভিত্তিতে তাকে নেশাগ্রস্ত বলা যায়। কারও কারও ধারণা, ঘুম থেকে ওঠার পরের স্বাভাবিক অবস্থা কিংবা অনুষ্ঠানের প্রস্তুতির সময় অতিরিক্ত উচ্ছ্বাসের কারণেও তাকে এমন দেখাতে পারে।

ভক্তরা আরও মনে করছেন, যথাযথ প্রমাণ ছাড়া কোনো তারকার ব্যক্তিগত আচরণ নিয়ে মন্তব্য করা উচিত নয়। সামাজিক মাধ্যমে একটি স্বাভাবিক মুহূর্তকে অতিরঞ্জিত করে বিতর্ক তৈরি না করার আহ্বানও জানিয়েছেন তারা।

এদিকে, ভিডিওটি ঠিক কোথায় বা কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে হানিয়া আমির কিংবা তার দলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

বর্তমানে পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয় করছেন হানিয়া আমির। ভাইরাল ভিডিওকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button