গঙ্গা ব্যারাজের কাছে ভারতীয় প্লেন বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুরে গঙ্গা ব্যারাজের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নথুপুরওয়া গ্রামের পাশের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন প্রশিক্ষক পাইলট বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল দুই ইঞ্জিনবিশিষ্ট প্রশিক্ষণ উড়োজাহাজ। বিধ্বস্ত হওয়ার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
প্রাথমিকভাবে বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পর দুর্ঘটনাটি ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।
এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। নিহত দুই পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেছেন।



