‘কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধের সূচনা করেনি তার দেশ। তবে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।
রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে দেওয়া এক টেলিভিশন সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।
সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পেজেশকিয়ান। পাশাপাশি ইরানের বিরুদ্ধে হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহারের বিরুদ্ধেও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, কোনো মুসলিম দেশের উচিত নয় প্রতিবেশীকে অনিরাপদ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য কোনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করা না হয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।
পেজেশকিয়ান আরও বলেন, ইরান কোনো দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের প্রতিরক্ষা কীভাবে করতে হয়, তা দেশটি ভালোভাবেই জানে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের মুখেও ইরান শক্তভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।



