নেপালে বন্যায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত নেই: দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নেপালের চলমান বন্যা ও ভূমিধস পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
তবে বুধবার সাময়িকভাবে কাঠমান্ডু-পোখারা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কয়েকজন বাংলাদেশি সেখানে আটকা পড়েছিলেন। পরে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলে তারা নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছান বলে জানিয়েছে দূতাবাস।
দূতাবাস আরও জানায়, নেপাল সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হয়েছে। বাংলাদেশ সরকার থেকে ঘোষিত যেকোনো সহায়তা নেপালের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের মধ্যে এ বিষয়ে নিয়মিত মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত রয়েছে।
নেপালের বন্যা ও ভূমিধস পরিস্থিতির ওপর বাংলাদেশ দূতাবাসের নজরদারি ও পর্যবেক্ষণও অব্যাহত রয়েছে।



