চার দেশের যৌথ ঘোষণা: মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট নয়

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় সিন্ডিকেটের প্রভাব, একচেটিয়া নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের সংশ্লিষ্ট রিক্রুটিং অ্যাসোসিয়েশনগুলো। সম্প্রতি চার দেশের সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে এ উদ্বেগের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজারে বৈষম্য দূর করে স্বচ্ছতা, সমতা ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা অল্পসংখ্যক প্রতিষ্ঠানের হাতে পুরো নিয়োগপ্রক্রিয়ার নিয়ন্ত্রণ তুলে দেওয়া গ্রহণযোগ্য নয়। চার দেশের সংগঠনগুলোর অভিন্ন মত, মালয়েশিয়ার শ্রমবাজার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। বরং সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য বাজারটি উন্মুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীন রাখতে হবে।
তাদের মতে, নিয়োগপ্রক্রিয়ায় সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা সম্ভব হলে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে। এতে একদিকে যেমন কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ ও কার্যকর হবে, অন্যদিকে কর্মী এবং নিয়োগদাতা—উভয় পক্ষই উপকৃত হবে।
চার দেশের রিক্রুটিং অ্যাসোসিয়েশনগুলো তাই মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় সিন্ডিকেট ও একচেটিয়া নিয়ন্ত্রণের সুযোগ বন্ধ করে একটি আধুনিক, সুশৃঙ্খল, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দিয়েছে। তাদের প্রত্যাশা, সব বৈধ এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার আরও ন্যায়সংগত ও কার্যকর হয়ে উঠবে।



