আন্তর্জাতিক

বন্যায় কয়েক মাইল ভেসে গেল ব্যাংকের লকার, এরপর লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যার মধ্যেই ঘটেছে অবিশ্বাস্য এক চুরির ঘটনা। বন্যার পানিতে ভেসে আসা একটি ব্যাংকের সেফ বা লকার ভেঙে নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর নেপালের রসুয়া জেলার ভতেকোশী এলাকায় বন্যার পানিতে একটি ব্যাংকের সেফ ভেসে যায়। পরে সেটি ধাদিং জেলার গলছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়।

ধাদিং পুলিশ জানিয়েছে, গত ১২ সেপ্টেম্বর তারা খবর পায় যে স্থানীয় কয়েকজন ওই লকারটি ভেঙে ভেতরে থাকা নগদ অর্থ নিয়ে গেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং শুরু হয় তদন্ত।

প্রাথমিক অভিযানে পুলিশ ২৯ জনকে আটক করে। তাদের কাছ থেকে মোট ৯২ লাখ ৬৮ হাজার ৫০০ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশই গলছি-৪-এর মাস্তার এলাকার বাসিন্দা। তাদের মধ্যে কেউ গলছি-৬-এর আদমঘাট এবং সিদ্ধালেকের ৭ নম্বর ওয়ার্ডের আদমতারের বাসিন্দা। আবার কয়েকজনের মূল বাড়ি চিতওয়ান ও পারসায় হলেও তারা বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নেপালের বন্যা পরিস্থিতির মধ্যেই আরও একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে। নারায়ণী নদীতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল খুলে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে ভেসে আসা ওই নারীর মরদেহ থেকে দুজন ব্যক্তি কানের দুল খুলে নিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যাও বাড়ছে। শনিবার দেশটির দুর্যোগ কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় এখন পর্যন্ত ৬২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২ হাজার ৪২৬ জন।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ১ হাজার ৯২৪ জন বলে জানানো হয়েছিল। পরে তথ্য হালনাগাদ করে নিখোঁজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ২ হাজার ৪২৬ জন করা হয়েছে।

তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত ৫১৭ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যার আঘাতের কয়েক দিন পরও দেশটির বিভিন্ন দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button