আন্তর্জাতিকইন্ডিয়া

‘যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের স্থান নেই, সে হিন্দু না’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মুসলিমদের বসবাসের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের থাকার অধিকার নেই, তাহলে সেই ব্যক্তি আর প্রকৃত হিন্দু থাকবেন না; বরং তিনি ধর্মের মূল আদর্শ থেকে বিচ্যুত হবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মোহন ভাগবত। তার এ অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে আগে থেকেই কয়েকটি মানবাধিকার সংগঠন আপত্তি জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে উপস্থিত হন।

অনুষ্ঠানে মোহন ভাগবত জানান, মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তারা আরএসএসের উদ্দেশ্য এবং ‘হিন্দু রাষ্ট্র’ প্রতিষ্ঠার ধারণা নিয়ে তাকে প্রশ্ন করেছিলেন।

তাদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারতে ‘হিন্দু রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হলে মুসলিমদের দেশ থেকে বের করে দেওয়া হবে কি না।

জবাবে মোহন ভাগবত বলেন, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করা হবে না। তার ভাষায়, মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়ার চিন্তা হিন্দুত্ববাদের অংশ নয়।

তিনি আরও বলেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের কোনো জায়গা নেই, তাহলে তিনি আর হিন্দু থাকবেন না।

আরএসএসের প্রধানের এই মন্তব্য এমন সময়ে সামনে এলো, যখন সংগঠনটি ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম প্রধান শক্তি হিসেবে পরিচিত। ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে আরএসএসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক রয়েছে।

আরএসএস ভারতকে একটি ‘হিন্দু রাষ্ট্রে’ পরিণত করার আদর্শে বিশ্বাসী। সংগঠনটির বিরুদ্ধে দেশটির বিভিন্ন সময়ে মুসলিমদের ওপর হামলা ও সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভারতের স্বাধীনতার পর বিভিন্ন সময়ে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাতেও সংগঠনটির ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে।

নিউইয়র্কের অনুষ্ঠানের আগে কয়েকটি মানবাধিকার সংগঠন মোহন ভাগবতের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তাদের অভিযোগ ছিল, আরএসএসের সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর হামলার নানা অভিযোগ জড়িত।

তবে এসব বিতর্কের মধ্যেই অনুষ্ঠানে নিজের বক্তব্যে মোহন ভাগবত মুসলিমদের ভারতীয় সমাজের অংশ হিসেবে থাকার অধিকারকে অস্বীকার করার ধারণার বিরোধিতা করেন।

সূত্র: দ্য হিন্দু

সংশ্লিষ্ট খবর

Back to top button