আন্তর্জাতিকইন্ডিয়া

লোডশেডিং নিয়ে বিদ্যুৎকর্মীকে কসম খাওয়াল গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের লখনৌর গোন্ডা গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকটে ভুগছেন। নিয়মিত বিদ্যুৎ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিদ্যুৎকেন্দ্রে গিয়ে প্রতিবাদ করেছেন তারা। এ সময় সঙ্গে করে নিয়ে যান হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ ‘হনুমান চালিশা’।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার কাত্রা বাজার বিদ্যুৎকেন্দ্রে গিয়ে গ্রামবাসীরা বিদ্যুৎকেন্দ্রের এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরেন। পরে তার হাতে ‘হনুমান চালিশা’ দিয়ে শপথ করিয়ে জানতে চান, ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবে তাদের এলাকায় কত সময় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

ঘটনার সময় ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই প্রকৌশলীকে বিভিন্ন প্রশ্ন করেন। উপস্থিত কয়েকজন পুরো ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন, যা পরে ছড়িয়ে পড়ে।

গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎকেন্দ্রে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ থাকলেও তাদের গ্রিডে নিয়মিত বিদ্যুৎ দেওয়া হচ্ছে না। দিনে দুই ঘণ্টারও বেশি সময় টানা বিদ্যুৎ পাওয়া যায় না বলে দাবি করেন তারা। তাদের ভাষ্য, গত ছয় মাস ধরে এ সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।

এদিকে গ্রামবাসীদের প্রতিবাদের পর বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, বিক্ষোভকারীরা বিদ্যুৎকেন্দ্রে গিয়ে কর্মীদের হুমকি ও মারধর করেছেন এবং সরকারি সম্পদেরও ক্ষতি করেছেন।

পরিস্থিতির পর স্থানীয় বিধায়ক বাওয়ান সিং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ৫ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার দ্রুত চালু করার পাশাপাশি আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধানের নির্দেশ দেন।

দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মধ্যেই ‘হনুমান চালিশা’ হাতে প্রকৌশলীকে শপথ করানোর ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button