ঝগড়ার পর সপ্তম তলা থেকে লাফ, তরুণী নিহত, গুরুতর আহত সঙ্গী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে সঙ্গীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ভবনের সপ্তম তলা থেকে পড়ে ২৩ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা ৩০ বছর বয়সী এক যুবকও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত তরুণীর নাম জননী। তিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী এবং সোসিয়েতে জেনারেলে কর্মরত ছিলেন। তার বাড়ি পুদুচেরির উলাইভাইক্কাল এলাকায়। চলতি বছরের জানুয়ারি থেকে হোয়াইটফিল্ডের ইসিসি রোডের একটি পিজিতে থাকছিলেন তিনি।
আহত যুবকের নাম মনিচাভেলু। পুলিশ জানিয়েছে, তিনি জননীর বন্ধু। একটি সরবরাহ ও পরিবহন প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। তার বাড়িও পুদুচেরিতে।
পুলিশ ও প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার দিন সকালে জননী ও মনিচাভেলুর মধ্যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জননী ভবনের কিনারার দিকে এগিয়ে যান। পুলিশের ধারণা, এরপর তিনি নিচে লাফ দেওয়ার চেষ্টা করেন।
তদন্তকারীদের সন্দেহ, লাফ দেওয়ার সময় জননী মনিচাভেলুকেও সঙ্গে টেনে নিয়ে যান। ফলে দুজনই ভবনের সপ্তম তলা থেকে নিচে পড়ে যান।
ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই জননীর মৃত্যু হয়। অন্যদিকে, মনিচাভেলু প্রথমে একটি গাছের ডালে পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। জননী ও মনিচাভেলুর মধ্যে ঠিক কী নিয়ে বিরোধ হয়েছিল এবং কোন পরিস্থিতিতে দুজন ভবন থেকে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি



