আন্তর্জাতিকইন্ডিয়া

আশ্রমে তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল! আশ্রমের মহারাজ গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: ভারতের কোচবিহারের সিতাইয়ে একটি আশ্রমকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশ্রমের দায়িত্বে থাকা বিজ্ঞানন্দ মহারাজের সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে রোববার আশ্রমের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয়দের একাংশ।

বিক্ষোভকারীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করতে হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। এ পরিস্থিতিতে পুলিশ বিজ্ঞানন্দ মহারাজকে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।

সিতাইয়ের সালটিবাড়ি এলাকায় অবস্থিত সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে আশ্রমটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে অসচ্ছল পরিবারের শিশুদের আশ্রমে রেখে তাদের থাকা-খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করা হয়।

আশ্রমটিতে বিজ্ঞানন্দ মহারাজের পাশাপাশি আরও কয়েকজন সন্ন্যাসী ও আশ্রমিক রয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, আশ্রমের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য এক তরুণীও সেখানে থাকতেন।

সম্প্রতি বিজ্ঞানন্দ মহারাজের সঙ্গে ওই তরুণীর ঘনিষ্ঠতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও ক্ষোভ শুরু হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকালে আশ্রমের সামনে অবস্থান নেন স্থানীয়দের একাংশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয় এমন একটি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। তারা বিজ্ঞানন্দ মহারাজের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবিও জানান।

খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে বিজ্ঞানন্দ মহারাজকে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না বা তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বিভিন্ন ধরনের অভিযোগ ও দাবি ছড়িয়ে পড়েছে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নোমিতা বর্মন একটি পোস্টে বিজ্ঞানন্দ মহারাজের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেন। তার দাবি, রাজবংশী সম্প্রদায়ের কয়েকজন তরুণীর সঙ্গে ওই মহারাজ অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। একই পোস্টে তিনি দাবি করেন, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক দশক আগে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। ফলে আশ্রমের দায়িত্বে থাকা ব্যক্তিকে ঘিরে এমন অভিযোগ ও ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button