আন্তর্জাতিকইন্ডিয়া

মেয়ের পড়ার খরচের জন্য শাড়ি পরে খালি পায়ে মায়ের ম্যারাথন জয়

আন্তর্জাতিক ডেস্ক: মেয়ের পড়াশোনার ব্যয় মেটাতে ম্যারাথনে অংশ নিয়ে জয় পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের বীড জেলার ৪৭ বছর বয়সী রামাবাই রানভীর। সাধারণ শাড়ি পরে প্রতিযোগিতায় নেমে শেষ পর্যন্ত খালি পায়ে দৌড়ে সবাইকে পেছনে ফেলেন তিনি। বিজয়ী হিসেবে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের শিক্ষার পেছনে খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন এই মা।

সোমবার (৩১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মহারাষ্ট্রের বীড জেলার আম্বাজোগাইয়ে ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় ‘অমৃত দৌড়’ নামের ম্যারাথন। স্থানীয় অনেক তরুণ-তরুণী এতে অংশ নেন।

ছত্রপতি শিবাজি মহারাজ চত্বর থেকে শুরু হওয়া দৌড়টি শেষ হয় ভাগ্যনগর চত্বরে। অন্যদের মতো রামাবাইও সাধারণ প্রতিযোগী হিসেবে এতে অংশ নেন। তার পরনে ছিল সাধারণ শাড়ি এবং পায়ে স্যান্ডেল।

দৌড় শুরুর পর স্যান্ডেল বারবার খুলে যেতে থাকায় সমস্যায় পড়েন তিনি। এতে তার গতি কমে যাচ্ছিল। একপর্যায়ে আর সময় নষ্ট না করে স্যান্ডেল খুলে হাতে তুলে নেন এবং খালি পায়েই দৌড়াতে শুরু করেন।

রাস্তায় ছড়িয়ে থাকা পাথর ও শাড়ি সামলে দৌড়ানো সহজ ছিল না। তারপরও লক্ষ্য থেকে সরে দাঁড়াননি রামাবাই। দৃঢ় মনোবল নিয়ে দৌড়াতে দৌড়াতে স্পোর্টস জুতা ও ট্র্যাকস্যুট পরা একাধিক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে দেন তিনি।

শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করে প্রতিযোগিতার বিজয়ী হন ৪৭ বছর বয়সী এই নারী। তার এমন ব্যতিক্রমী সাফল্যে দর্শক ও আয়োজকেরা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানান।

তবে রামাবাইয়ের কাছে এই জয় শুধু প্রতিযোগিতায় প্রথম হওয়ার আনন্দ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মেয়ের ভবিষ্যৎ। ম্যারাথনে বিজয়ী হয়ে পাওয়া ৩ হাজার রুপি পুরস্কারের পুরো অর্থই মেয়ের পড়াশোনার খরচে ব্যয় করবেন বলে জানিয়েছেন তিনি।

একজন মায়ের এই দৃঢ় সংকল্প ও সন্তানের শিক্ষার প্রতি দায়বদ্ধতা ইতোমধ্যে অনেকের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button