যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক

‘ইরানিরা কী করে সব দেখি, আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের কর্মকাণ্ডের ওপর যুক্তরাষ্ট্র সার্বক্ষণিক নজরদারি চালাতে সক্ষম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানিরা যুক্তরাষ্ট্রের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতার কথা তুলে ধরে এ মন্তব্য করেন ট্রাম্প।

ইরান কয়েকদিন ধরে নতুন ধরনের একটি রকেট তৈরির চেষ্টা করছিল বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, রকেটটি সমুদ্রে মাইন স্থাপনের কাজে ব্যবহার করা সম্ভব এবং এটি তৈরির বিষয়টি যুক্তরাষ্ট্র আগেই জানতে পেরেছিল।

ইরানের এই কর্মকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক কর্মকাণ্ডের ওপর এতটাই নজরদারি করছে যে তাদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে তারা জানতে পারছে। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে কোনো কিছুই করতে পারছে না।

হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, বর্তমানে ওই গুরুত্বপূর্ণ নৌপথে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে এবং যুক্তরাষ্ট্র সেগুলোকে কোনো বড় ধরনের সমস্যা ছাড়াই পার করে দিচ্ছে বলেও জানান তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠনের পাশাপাশি হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নতুন সামরিক সরঞ্জামগুলো ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানের তৈরি করা নতুন রকেট প্রসঙ্গে ট্রাম্প বলেন, সমুদ্রে মাইন পেতে রকেট ব্যবহার করার পরিকল্পনা সম্পর্কে তিনি আগে কখনো শুনেননি। তবে ইরান এমন একটি অস্ত্র তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছিল বলে দাবি করেন তিনি। বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরে আসার পর সেটি ধ্বংস করা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের নতুন সামরিক সরঞ্জাম ও কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির বাইরে নেই। তিনি বলেন, ইরান কী ধরনের অস্ত্র তৈরি করছে, সেটিও যুক্তরাষ্ট্র শনাক্ত করতে পারছে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো ধ্বংস করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button