আন্তর্জাতিক

বিয়ের গহনা ও উপহার চুরির অভিযোগে নববধূ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের মুগলা প্রদেশের মিলাসে বিয়েতে পাওয়া গহনা ও নগদ অর্থ চুরির অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই নারী তার বিরুদ্ধে ওঠা চুরির অভিযোগ অস্বীকার করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) তোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া নববধূ মামুরা কালপুনোভা উজবেকিস্তানের নাগরিক। মুস্তফা আতেসোগলোর সঙ্গে তার বিয়ে হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আয়োজনে ওই নারীর পরিবার প্রায় ১ কোটি তুর্কি লিরা খরচ করে। টানা তিন দিন ও তিন রাত ধরে চলে বিয়ের নানা আনুষ্ঠানিকতা। এ সময় নববধূকে প্রায় ৪০ থেকে ৫০ লাখ লিরা মূল্যের স্বর্ণালংকার উপহার দেওয়া হয়।

তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরদিনই স্বামীর বাড়ি থেকে চলে যান মামুরা। বিষয়টি নিয়ে তার স্বামীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর নববধূ দাবি করেন, বিয়েতে পাওয়া সব গহনা তিনি সঙ্গে নিয়ে যাননি। তার ভাষ্য, বিয়ের পর স্বামী তাকে হুমকি ও অপমান করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি মায়ের বাড়িতে চলে যান। যাওয়ার সময় তার সঙ্গে ছিল ২০টি সোনার কয়েন ও নগদ ২ লাখ ২৬ হাজার লিরা।

তিনি আরও দাবি করেন, বাকি স্বর্ণালংকার তার শ্বশুরের কাছেই রয়েছে।

এদিকে, যে বাড়ি থেকে মামুরাকে গ্রেপ্তার করা হয় সেখানে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে ওই বাড়ি থেকে কোনো গহনা উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, গহনা ও অর্থ চুরির অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button