ভারতে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের শাহরানপুরে প্রায় ১৫০ বছরের পুরোনো একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় কর্তৃপক্ষের দাবি, মসজিদটি শাহরানপুর কালেক্টরেটের সরকারি জায়গায় অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছিল। এ অভিযোগের ভিত্তিতে মসজিদটি সরিয়ে ফেলার নির্দেশ দেন একজন ম্যাজিস্ট্রেট। পরে জেলা আদালতও সেই সিদ্ধান্ত বহাল রাখে।
জানা গেছে, গত জুলাইয়ে সিটি ম্যাজিস্ট্রেট মসজিদটিকে অনুমোদনহীন স্থাপনা উল্লেখ করে ৩০ দিনের মধ্যে জায়গাটি খালি করার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাড়ে ৬ কোটি রুপি জরিমানা করা হয়।
মসজিদটি অপসারণের পেছনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের নেতা বিকাশ তিয়াগীর তৎপরতা ছিল বলেও অভিযোগ উঠেছে। তার তৎপরতার পরই মসজিদটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয় বলে স্থানীয় সূত্রের দাবি।
পরে মসজিদ কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করে। তবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলা আদালত সেই আপিল খারিজ করে দেয়। এর পরদিন ভোরেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে মসজিদটি ভেঙে ফেলা হয়।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিমদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মসজিদের মুতাওয়াল্লি তানভীর আহমেদ দাবি করেন, প্রায় দেড়শ বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এত পুরোনো একটি স্থাপনাকে এখন অবৈধ দাবি করে ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মসজিদ ভাঙার ঘটনায় স্থানীয় মুসলিমদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ অব্যাহত রয়েছে।



