আন্তর্জাতিকইন্ডিয়া

একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

আন্তর্জাতিক ডেস্ক: ময়লা-আবর্জনায় ভরে যাওয়া একটি নদী একাই পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন ভারতের ২১ বছর বয়সী তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত। তার এই ব্যতিক্রমী উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবিষয়ক সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’ থেকে কাজের প্রস্তাব পেয়েছেন তিনি।

ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলার আজনার নদীর একটি অংশ দীর্ঘদিন ধরে প্লাস্টিক, শেওলা, কাদা ও বিভিন্ন ধরনের বর্জ্যে দূষিত হয়ে পড়েছিল। নদীর তীরে থাকা স্থানীয় একটি মন্দিরের আশপাশেও জমেছিল বিপুল পরিমাণ আবর্জনা। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

এ পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অপেক্ষা না করে নিজেই নদীটি পরিষ্কার করার সিদ্ধান্ত নেন সুরেন্দ্র। ২০২৬ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে তিনি নদী পরিষ্কারের কাজ শুরু করেন।

কাজের শুরুতে কয়েকজন বন্ধু তাকে সহযোগিতা করলেও পরবর্তীতে প্রায় একাই পুরো দায়িত্ব সামলাতে হয় তাকে। সাধারণ সরঞ্জাম ব্যবহার করে নদীতে নেমে হাতে হাতে প্লাস্টিক, কাদা, শেওলা ও অন্যান্য বর্জ্য অপসারণ করতে থাকেন তিনি। এ সময় তার কাছে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামও ছিল না। এমনকি সাঁতার না জানা সত্ত্বেও ঝুঁকি নিয়ে দিনের পর দিন নদীতে নেমে কাজ চালিয়ে যান।

নদী পরিষ্কারের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে নিজের জমানো অর্থও ব্যয় করেন সুরেন্দ্র। দীর্ঘ সময় পানিতে কাজ করার ফলে তার শরীরেও নানা সমস্যা দেখা দেয়। শরীরের বিভিন্ন স্থানে সংক্রমণ ও ত্বকে চুলকানির সমস্যা হয়। এর পাশাপাশি কাজের সময় কয়েকবার সাপের মুখোমুখিও হতে হয়েছে তাকে।

সুরেন্দ্রের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশ সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বোয়ান স্লাটের। সুরেন্দ্রের কাজ দেখে মুগ্ধ হয়ে তিনি তাকে সংস্থাটিতে কাজ করার আমন্ত্রণ জানান।

সাধারণ পরিবারের সন্তান সুরেন্দ্র বর্তমানে বাবা-মায়ের সঙ্গে থাকেন। পাশাপাশি তিনি স্নাতক পর্যায়ের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button