দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপের ভেতর থেকে বাঁচার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনে স্বজনদের ও উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করে বাঁচানোর আকুতি জানিয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বিধায়ক অনিল শর্মা ঘটনাস্থলে গিয়ে জানান, ভবনটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থিত একটি পিজি হোস্টেল। ‘হোস্টেল ডেজ’ নামের ওই আবাসনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীরা থাকতেন।
উদ্ধার করা কয়েকজন শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বিধায়কের ধারণা, পাঁচ, দশ কিংবা ২০ জন—যে সংখ্যাই হোক, বেশ কয়েকজন এখনো ভেতরে আটকা রয়েছেন।
অনিল শর্মা বলেন, সবচেয়ে আশার বিষয় হলো ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করতে পেরেছেন। এতে ধারণা করা হচ্ছে, তারা জীবিত আছেন। আটকে পড়া সবাইকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।
পুলিশ জানিয়েছে, ভবনটির নিচের অংশ বা বেসমেন্টে বেশ কিছুদিন ধরে নির্মাণকাজ চলছিল। স্থানীয়দের ধারণা, ভবন ধসের সময় সেখানে প্রায় ১৫ জন মানুষ থাকতে পারেন।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ির পাশাপাশি পুলিশ, জরুরি চিকিৎসা দল ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) কাজ করছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কংক্রিটের বড় অংশ ও বিম সরাতে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতিও নেওয়া হয়েছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী আশীশ সুদ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়াদের দ্রুত উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি



