আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, রিপাবলিকানদের ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে তার সমর্থকদের ‘জাহান্নামে যেতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে সমর্থকদের আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার শপথ করানোর পর এমন মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে উপস্থিত সমর্থকদের ট্রাম্প একটি শপথ পাঠ করান। এতে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও বন্ধুদের নিয়ে আগামী ৩ নভেম্বর অথবা তার আগেই ভোট দেওয়ার অঙ্গীকার করেন। এ সময় ট্রাম্প নিজেকে আমেরিকার ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করেন।

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ট্রাম্প রসিকতার সুরে তাদের মতো একই কৌশল অনুসরণের কথা বলেন। এরপরই ভোট না দিলে তার সমর্থকদের ‘সোজা জাহান্নামে’ যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে দেওয়া বক্তব্যে নিজের সরকারের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন, গত ১৯ মাসে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সবই পূরণ করেছেন। শেয়ারবাজারের ঊর্ধ্বগতি, ওষুধের দাম কমানো, সামরিক ব্যয় বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনার মতো বিষয়গুলোকে নিজের সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি ‘অন্ধকার অধ্যায়’ পেরিয়ে সমৃদ্ধির ‘স্বর্ণযুগে’ প্রবেশ করেছে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে সাধারণত ক্ষমতাসীন দল মধ্যবর্তী নির্বাচনে কিছু আসন হারায়। তবে এবার সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে দেশের সম্পদ বাজেয়াপ্ত করা এবং অপরাধীদের মুক্তি দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ট্রাম্পের বক্তব্যের আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি নীতিগত মতপার্থক্যের কারণে রিপাবলিকানদের মধ্যে বিভাজন তৈরি না করে দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানান।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সম্মেলনের মাধ্যমে একই সঙ্গে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জেডি ভ্যান্সকে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আনার প্রক্রিয়াও জোরদার করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট খবর

Back to top button