প্রেম ভেঙে গেলে মিলবে বেতনসহ ৭ দিনের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক: সম্পর্ক ভেঙে যাওয়া কিংবা বিবাহবিচ্ছেদের মতো মানসিকভাবে কঠিন সময় পার করা কর্মীদের জন্য বিশেষ ছুটির ব্যবস্থা চালু করেছে ভারতের বেঙ্গালুরুভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান স্টকগ্রো। নতুন এই নীতির আওতায় কোনো কর্মীর গুরুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে গেলে তিনি এক সপ্তাহের ছুটি নিতে পারবেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছুটি নেওয়ার জন্য কর্মীদের সম্পর্ক ভাঙার কোনো প্রমাণ দিতে হবে না। এমনকি এ বিষয়ে তাদের কোনো প্রশ্নও করা হবে না। মানসিক ধাক্কা সামলে স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজনীয় সময় দেওয়াই এই নীতির মূল উদ্দেশ্য।
প্রতিবেদন অনুযায়ী, সাত দিনের ছুটির পরও কোনো কর্মীর যদি আরও সময় প্রয়োজন হয়, তাহলে ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা করে ছুটি বাড়ানোর আবেদন করতে পারবেন তিনি।
স্টকগ্রোর প্রতিষ্ঠাতা অজয় লাখোটিয়া জানান, প্রতিষ্ঠানটি কর্মীদের শুধু কর্মী হিসেবে নয়, পরিবারের সদস্য হিসেবেই বিবেচনা করে। তাই ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে কর্মীদের পাশে থাকার লক্ষ্যেই এই বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে।
কোম্পানির এই নীতি মূলত পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি প্রমাণ করার জন্য কোনো নথি বা তথ্য জমা দেওয়ার প্রয়োজন নেই। কাজে ফেরার আগে কর্মীরা যেন মানসিকভাবে নিজেদের প্রস্তুত করে নিতে পারেন, সে সুযোগ দেওয়াই এই ছুটির উদ্দেশ্য।
সম্পর্ক ভাঙার জন্য আলাদা ছুটির ব্যবস্থা করায় স্টকগ্রোর এই উদ্যোগ ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সাধারণত কর্মক্ষেত্রে অসুস্থতা, পারিবারিক প্রয়োজন, শোক বা অন্যান্য প্রচলিত কারণে ছুটি দেওয়া হলেও ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতির জন্য আলাদা ছুটি তুলনামূলকভাবে বিরল।
স্টকগ্রোর এই সিদ্ধান্তের মাধ্যমে কর্মীদের ব্যক্তিগত ও মানসিক সুস্থতার বিষয়টি কর্মক্ষেত্রে কতটা গুরুত্ব পাওয়া উচিত, সে প্রশ্নও নতুন করে সামনে এসেছে। বিশেষ করে ব্যক্তিগত জীবনের বড় কোনো ঘটনায় তৈরি হওয়া মানসিক চাপকে ছুটির যৌক্তিক কারণ হিসেবে নিয়োগকর্তাদের বিবেচনা করা উচিত কি না—তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।



