আন্তর্জাতিকইন্ডিয়া

স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে পালালেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের জয়পুরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও বাবা রাহুল ঝা পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন রাহুলের স্ত্রী গীতা ঝা (৪০) এবং তাদের তিন মেয়ে নন্দিনী, গিরিশা ও রাধিকা। নিহত তিন মেয়ের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে।

শুক্রবার সকাল ১০টার দিকে জয়পুরের গোবিন্দপুরা এলাকার ওই বাড়ি থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী ও স্বজনদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতরে রাহুলের বৃদ্ধ বাবাকে দেখতে পায় এবং চারজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পশ্চিম জোনের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) প্রশান্ত কিরণ জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্তে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) সদস্য ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে কাজ করেছে।

পুলিশ অভিযুক্ত রাহুল ঝাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ ছাড়া অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button