আন্তর্জাতিকইন্ডিয়া

বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় বক্তা বা হুজুরদের প্রবেশের সুযোগ আর দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

শুভেন্দুর দাবি, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ইসলামিক বক্তাদের পশ্চিমবঙ্গে আসার সুযোগ দেওয়া হতো। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এ ধরনের ব্যক্তিদের রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

তিনি আরও দাবি করেন, প্রায় দুই বছর আগে বসিরহাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক বক্তা জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে জনবিন্যাস পরিবর্তনের কথা বলেছিলেন। ওই বক্তার বক্তব্যের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, এমন বক্তব্য পশ্চিমবঙ্গের সামাজিক ও জনসংখ্যাগত কাঠামো নিয়ে উদ্বেগ তৈরি করে।

অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার এ ধরনের তথাকথিত হুজুরদের পশ্চিমবঙ্গে প্রবেশের সুযোগ দেবে না। একই সঙ্গে তিনি রাজ্যে আধ্যাত্মিক জাগরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে আসছেন শুভেন্দু অধিকারী। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগও তুলেছিলেন। তবে এসব দাবির সত্যতা ও ঘটনাগুলোর বাস্তব চিত্র নিয়ে বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন তথ্য ও প্রতিবেদন সামনে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button