ইন্ডিয়াআন্তর্জাতিক

নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পরিচালিত সব রাজ্যে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শাসিত ২১টি রাজ্যে এই আইন কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে সরকারের এই উদ্যোগ দেশটির বড় মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ভারতে ফৌজদারি আইনের ক্ষেত্রে নাগরিকদের জন্য অভিন্ন আইন কার্যকর থাকলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকারসহ বিভিন্ন ব্যক্তিগত বিষয়ে ধর্ম ও সম্প্রদায়ভিত্তিক পৃথক রীতি ও আইন অনুসরণ করা হয়। এসব ভিন্নতার পরিবর্তে সব নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন চালু করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের দীর্ঘদিনের অন্যতম রাজনৈতিক লক্ষ্য।

রোববার এক বক্তব্যে অমিত শাহ বলেন, কয়েকটি রাজ্যে ইতোমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে। তিনি আশা করেন, ২০২৯ সালের মধ্যে এনডিএ শাসিত ২১টি রাজ্যের সবগুলোতেই এই আইন বাস্তবায়ন করা সম্ভব হবে।

ভারতে ইতোমধ্যে অন্তত চারটি রাজ্যে ইউসিসি চালু হয়েছে। তবে দেশটির মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ এই উদ্যোগকে ধর্মীয় ও ব্যক্তিগত আইনের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে দীর্ঘদিন ধরে চলে আসা ধর্মীয় রীতি ও ব্যক্তিগত আইন ক্ষতিগ্রস্ত হতে পারে।

অন্যদিকে ইউসিসির সমর্থকদের দাবি, অভিন্ন এই আইন সমাজে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তাদের মতে, এর মাধ্যমে বহুবিবাহের মতো প্রথা বন্ধ করা, ছেলে-মেয়ের মধ্যে সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করা এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারীদের আইনি সুরক্ষা জোরদার করা সম্ভব হবে।

প্রধানত হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। এর মধ্যে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক ২২ কোটি। জনসংখ্যার হিসাবে এটি বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনগোষ্ঠী। ফলে ইউসিসি বাস্তবায়নের উদ্যোগ দেশটির সামাজিক ও ধর্মীয় পরিসরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

সংশ্লিষ্ট খবর

Back to top button