আন্তর্জাতিক

গাজা নিয়ে তথ্যচিত্র বানিয়ে নাগরিকত্ব হারাচ্ছেন দুই ইসরাইলি নির্মাতা!

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে সমালোচনামূলক তথ্যচিত্র ‘নাজা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পর ছবিটির দুই নির্মাতার ইসরাইলি নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মিকি জোহার। রোববার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। খবর আল জাজিরার।

নিজের পোস্টে মিকি জোহার তথ্যচিত্রটিকে ‘জঘন্য’ হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটির পুরস্কার অর্জনকে ‘চমকে দেওয়ার মতো’ ঘটনা বলে মন্তব্য করেন তিনি।

ইসরাইলি এই মন্ত্রীর অভিযোগ, আন্তর্জাতিক অঙ্গনে ‘ইহুদিবিদ্বেষীদের’ প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ছবিটির নির্মাতারা নিজেদের দেশকে ক্ষতিগ্রস্ত করছেন। তাদের এমন কর্মকাণ্ডকে তিনি ‘রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা’ বলেও উল্লেখ করেন।

জোহার আরও বলেন, সংস্কৃতিমন্ত্রী হিসেবে তিনি তথ্যচিত্রটির দুই নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোরের ইসরাইলি নাগরিকত্ব বাতিলের উদ্যোগ গ্রহণ করবেন।

৮০ মিনিটের ‘নাজা’ তথ্যচিত্রে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রযুক্তি ব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়েছে। ভেনিস চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক বিবরণেও বলা হয়েছে, ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত ব্যাপক হত্যাকাণ্ডে এআই-নির্ভর ব্যবস্থার ব্যবহারের বিষয়টি চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে।

ভেনিসে ছবিটির প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে প্রায় ২৫ মিনিট ধরে দাঁড়িয়ে অভিবাদন পায় ‘নাজা’।

তথ্যচিত্রটিতে ইসরাইলের সামরিক ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যের সাক্ষাৎকারও রয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাক্ষাৎকারদাতাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

সাক্ষাৎকারে অংশ নেওয়া ব্যক্তিরা ‘ল্যাভেন্ডার’ নামের একটি এআই ব্যবস্থা ব্যবহারের বিষয়ে কথা বলেছেন। তাদের দাবি, গাজায় ফিলিস্তিনিদের টেলিযোগাযোগ নজরদারি এবং নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হত্যার সিদ্ধান্ত গ্রহণে এই প্রযুক্তি ব্যবহার করা হতো।

তথ্যচিত্রটির নির্মাতা ইউভাল আব্রাহাম বলেন, এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি পশ্চিমা দেশগুলোকে ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করতে চান।

সংশ্লিষ্ট খবর

Back to top button