‘এআই না জানলে মুসলিম সমাজ উপনিবেশে পরিণত হবে’

আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির বিকাশে মুসলিম সমাজ পিছিয়ে পড়লে ভবিষ্যতে বাইরের প্রভাব ও নতুন ধরনের উপনিবেশের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে শেখ আবু বকর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রথম এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন আনোয়ার ইব্রাহিম। সেখানে তিনি জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান না থাকলে মুসলিম সমাজ প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এআই সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকলে অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মুসলিম আলেম ও ধর্মীয় পণ্ডিতদের বর্তমান বিশ্বের পরিবর্তিত বাস্তবতা সম্পর্কে সচেতন হতে হবে। আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলো সম্পর্কে তাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন।
তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন আনোয়ার ইব্রাহিম। তার মতে, প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের পাশাপাশি মুসলিম সমাজকে নিজেদের ইমান, নৈতিকতা ও মূল্যবোধও সংরক্ষণ করতে হবে।
বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের মধ্যে এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে ব্যাপক আলোচনা হলেও মুসলিম আলেম ও সমাজ এই বিষয়গুলোতে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আনোয়ার ইব্রাহিম বলেন, প্রযুক্তির অগ্রযাত্রা যেন কেবল দক্ষতা বা অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এর সঙ্গে জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় আদর্শের সমন্বয় ঘটানো জরুরি।
অনুষ্ঠানে ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কান্থাপুরাম এ. পি. আবুবকর মুসলিয়ার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। নয়া দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর কেরালা সফরে যান আনোয়ার ইব্রাহিম।
সূত্র: আনাদোলু এজেন্সি



