প্রবল বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজে মশগুল মুসল্লিরা

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কা মোকাররমায় রোববার (১৩ সেপ্টেম্বর) বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এ সময় মসজিদে হারামে বৃষ্টির মাঝেই মাগরিবের নামাজ আদায় করেন উমরা পালনকারী ও জিয়ারতকারীরা।
বৃষ্টির সময় ধারণ করা ভিডিওচিত্রে মসজিদে হারামে মুসল্লিদের নামাজ আদায় ও দোয়া করতে দেখা যায়। বৃষ্টির আবহে পবিত্র মসজিদ প্রাঙ্গণে তৈরি হয় এক আবেগঘন ও আধ্যাত্মিক পরিবেশ।
ভিডিওতে আরও দেখা যায়, বৃষ্টির সময় মসজিদে হারামের আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বর্ষণ শুরু হয়। ভারি বৃষ্টির মধ্যেও মুসল্লিরা মসজিদুল হারামে নামাজ আদায় অব্যাহত রাখেন।
এদিকে বৃষ্টির সময় মসজিদে হারামে অবস্থানরত মুসল্লি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হারামাইন শরিফাইনের প্রশাসন তৎপর ছিল। এ কাজে সহযোগিতা করে পবিত্র মসজিদের সেবায় নিয়োজিত বিভিন্ন সরকারি সংস্থা।
প্রশাসনের সমন্বিত ব্যবস্থাপনায় বৃষ্টির মধ্যেও মুসল্লিদের নামাজ আদায়, চলাচল ও যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। ফলে কোনো ধরনের সমস্যা ছাড়া মুসল্লিরা নামাজ আদায়, উমরাকারীরা তাওয়াফ করেন।



