কিমের গোপন ছেলে আছে কি না, খুঁজছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং–উনের কোনো গোপন ছেলে রয়েছে কি না, তা যাচাই করছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এই গোয়েন্দা সংস্থা।
২০১১ সালে বাবার মৃত্যুর পর উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন কিম জং–উন। বর্তমানে তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তার মেয়ে কিম জু এ। এনআইএসের সাম্প্রতিক মূল্যায়নেও তাকেই ভবিষ্যৎ নেতা হওয়ার সম্ভাবনায় এগিয়ে রাখা হয়েছে। কিম জু এ-এর বয়স আনুমানিক ১৩ বছর।
তবে কিম জু এ-এর কোনো বড় ভাই রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এনআইএস জানিয়েছে, এ বিষয়ে তথ্য যাচাইয়ের চেষ্টা চলছে। কিমের কোনো ছেলে সন্তান থাকলেও সে উত্তরসূরি হওয়ার অবস্থানে রয়েছে কি না, তা নিয়েও নিশ্চিত তথ্য নেই। এ ছাড়া কিমের আরও একটি ছোট সন্তান রয়েছে বলে ধারণা করা হয়, তবে সেটি ছেলে না মেয়ে—তা জানা যায়নি।
এর আগে ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা জানিয়েছিলেন, সংসদীয় কমিটির কাছে দেওয়া ব্রিফিংয়ে এনআইএস কিম জু এ-এর একজন বড় ভাই থাকার সম্ভাবনার কথা জানিয়েছিল। তবে পরবর্তীতে গোয়েন্দা সংস্থাটি স্পষ্ট করে জানায়, কিমের কোনো ছেলে সন্তান রয়েছে কি না, সে বিষয়ে তখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি যাচাই করা হচ্ছিল।
উত্তরসূরি নিয়ে কেন এত আলোচনা
কিম জং–উনের ছেলে সন্তান আছে কি না, তা উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। দেশটির রাজনীতিতে পুরুষতান্ত্রিকতার প্রভাব দীর্ঘদিনের। ১৯৪৮ সালে উত্তর কোরিয়া প্রতিষ্ঠার পর থেকে কিম পরিবারের তিন পুরুষ সদস্যই দেশটির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন।
এ কারণে কিম জু এ-কে ভবিষ্যৎ নেতা হিসেবে সামনে আনা হলেও তার নেতৃত্ব নিয়ে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে সংশয় রয়েছে। তাদের ধারণা, উত্তর কোরিয়ার প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের একটি অংশ একজন নারীকে সর্বোচ্চ নেতা হিসেবে সহজে মেনে নাও নিতে পারেন।
অন্যদিকে কিম জু এ ভবিষ্যতে ক্ষমতায় এলেও দীর্ঘমেয়াদে কিম পরিবারের হাতেই উত্তর কোরিয়ার নেতৃত্ব থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশ্লেষকদের মতে, কিম জু এ বিয়ে করার পর তার সন্তান যদি পরবর্তী সর্বোচ্চ নেতা হয়, তাহলে ভবিষ্যতে দেশটির নেতৃত্ব কিম পরিবারের বর্তমান বংশধারার বাইরে চলে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।
এ কারণেই কিম জং–উনের সম্ভাব্য ছেলে সন্তান এবং উত্তরসূরি নির্ধারণের বিষয়টি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার নজরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট



