আন্তর্জাতিকইন্ডিয়া

মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জয়পুরের বিখ্যাত মোতি ডুংরি গণেশ মন্দিরে বিশেষ মেহেদি সংগ্রহ করতে ভক্তদের ব্যাপক ভিড় দেখা গেছে। প্রচলিত বিশ্বাস, এই মন্দিরের মেহেদি হাতে লাগালে এক বছরের মধ্যেই বিয়ে হয়। আর সেই বিশ্বাস থেকেই হাজারো মানুষ মেহেদি নিতে মন্দিরে জড়ো হন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর সিঞ্জারা উৎসব উপলক্ষে মন্দিরে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়। এদিন বিশেষ মেহেদি বিতরণের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই মেহেদি বিতরণ শুরু করতে হয় মন্দির কর্তৃপক্ষকে।

মন্দিরে আসা ভক্তদের কাছে সিঞ্জারা মেহেদির আলাদা গুরুত্ব রয়েছে। স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী, যাদের বিয়েতে নানা ধরনের বাধা রয়েছে, তারা মন্দিরে মেহেদি দেন এবং পরে সেই মেহেদি হাতে ব্যবহার করেন। এতে এক বছরের মধ্যে পছন্দের বা উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশীর্বাদ মেলে বলে বিশ্বাস করেন অনেকে।

মন্দির কর্তৃপক্ষের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র তিন ঘণ্টায় প্রায় ৩ হাজার ৫০০ কেজি মেহেদি বিতরণ করা হয়। দিল্লি, চণ্ডীগড়সহ ভারতের বিভিন্ন শহর থেকে ভক্তরা মেহেদি সংগ্রহ করতে সেখানে ছুটে আসেন। তাদের মধ্যে কেউ কেউ আগের রাতেই মন্দির এলাকায় পৌঁছে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মন্দিরের বাইরে দীর্ঘ সারি এবং বিপুল জনসমাগম দেখা গেছে। অতিরিক্ত ভিড়ের কারণে আশপাশের সড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে। মন্দির প্রাঙ্গণে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলির পরিস্থিতি তৈরি হওয়ার কথাও প্রতিবেদনে উঠে এসেছে।

এ সময় ভিড়ের মধ্যে মহারাষ্ট্র থেকে আসা এক নারী ভক্ত অচেতন হয়ে পড়েন বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিষয়টি নিয়ে রসিকতা করেছেন, আবার কেউ বিয়েকে কেন্দ্র করে মানুষের এমন আগ্রহ নিয়ে মন্তব্য করেছেন।

গণেশ চতুর্থী উপলক্ষে প্রতিবছর সিঞ্জারা উৎসব আয়োজন করা হয়। মোতি ডুংরি গণেশ মন্দিরে সারা বছরই ভক্ত ও পর্যটকদের আনাগোনা থাকে। তবে গণেশ চতুর্থীর সময় সেখানে ভিড় আরও বেড়ে যায়। বিয়ে ও জীবনসঙ্গী পাওয়া নিয়ে প্রচলিত নানা লোকবিশ্বাসের কারণেও মন্দিরটি ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button