ব্রিকসে যোগ দেওয়ার পর অসুস্থ চীন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন বলে দাবি করেছেন চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে। তার দাবি, অসুস্থ হওয়ার পর বিশেষ বিমানে জিনপিংকে দ্রুত চীনে ফিরিয়ে নেওয়া হয় এবং পরে বেইজিংয়ের একটি সামরিক হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।
তবে শি জিনপিংয়ের অসুস্থতা বা চিকিৎসা নিয়ে চীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ওয়ানজুন শিয়ের এই দাবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়ানজুন শিয়ে দাবি করেন, ভারতের রাজধানী দিল্লিতে ব্রিকস সম্মেলনের সময় শি জিনপিং হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। এ সময় তার সঙ্গে থাকা চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে চিকিৎসা দেন। পরে একটি বিশেষ বিমানে তাকে চীনে নিয়ে যাওয়া হয়।
ওয়ানজুনের দাবি অনুযায়ী, বিশেষ বিমানটি বেইজিং বিমানবন্দরে পৌঁছানোর পর শি জিনপিংকে সামরিক হেলিকপ্টারে করে বেইজিংয়ের ৩০১ নম্বর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার অস্ত্রোপচার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ভারতে চিকিৎসা না নেওয়ার কারণ সম্পর্কেও ওয়ানজুন শিয়ে একটি দাবি করেছেন। তার ভাষ্য, শি জিনপিং ভারতে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হননি। কারণ, সেখানে চিকিৎসা নিলে তার শারীরিক অবস্থা ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ভারতের হাতে চলে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন ওয়ানজুন।
তবে এসব তথ্যের কোনোটি চীনা সরকারি সূত্র থেকে নিশ্চিত করা হয়নি।
অসুস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টও
এদিকে ব্রিকস সম্মেলন শেষে দেশে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।
বিশ্রামে থাকার সময় প্রেসিডেন্ট রামাফোসা কোনো জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবেন না। তার অনুপস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা দেশের প্রতিনিধিত্ব করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে রামাফোসা ভারত সফরের সময় অসুস্থ হয়েছেন, নাকি দেশে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন—এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: আনন্দবাজার অনলাইন



