আন্তর্জাতিকইন্ডিয়া

আদালতে হাজিরা দিতে গেলেন ডাক্তার,তার অনুপস্থিতিতে রোগী দেখছেন ড্রাইভার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কানপুরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে তাঁর গাড়িচালকের রোগী দেখা ও ওষুধের প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সরকারি ওই হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার রামকেশ একটি মামলার কাজে আদালতে গিয়েছিলেন। তার অনুপস্থিতিতে তাঁর গাড়িচালক দেবকে হাসপাতালের বহির্বিভাগে রোগীদের সঙ্গে কথা বলতে এবং তাদের শারীরিক সমস্যার বিষয়ে জানতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, দেব রোগীদের বিভিন্ন উপসর্গ সম্পর্কে প্রশ্ন করছেন। বিশেষ করে পেটব্যথা ও অন্যান্য শারীরিক সমস্যার কথা জানতে চাওয়ার পর তিনি প্রেসক্রিপশন লিখছেন বলেও অভিযোগ উঠেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সরকারি হাসপাতালে একজন অচিকিৎসক কর্মী কীভাবে রোগী দেখা এবং ওষুধ দেওয়ার সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে ব্যাখ্যা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গৌরব ত্রিবেদী’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে নেটমাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে এফআইআর করার কথাও জানানো হয়েছে।

ঘটনাটি সরকারি হাসপাতালে রোগীদের নিরাপত্তা, চিকিৎসাসেবার মান এবং দায়িত্ব বণ্টন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিতে প্রশিক্ষণহীন বা অযোগ্য কোনো ব্যক্তিকে দিয়ে রোগী দেখানোর অভিযোগ সত্য হলে, তা রোগীদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button