আন্তর্জাতিকইন্ডিয়া

পাকস্থলী থেকে অস্ত্রোপচারে বের হলো ১৪ কলম, ৫ চামচ ও মোমবাতি!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে ৩৩ বছর বয়সী এক নারীর পাকস্থলী থেকে ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকেরা। উদ্ধার হওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ এবং একটি মোমবাতি।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন তেলুগুর প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র বুক ও পেটে অস্বস্তি নিয়ে পালনাডু জেলার নারসারাওপেটের একটি বেসরকারি হাসপাতালে যান ওই নারী। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার পাকস্থলীতে অস্বাভাবিক কিছু বস্তু থাকার বিষয়টি শনাক্ত করেন চিকিৎসকেরা।

পরে ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে একে একে সেগুলো পাকস্থলী থেকে বের করা হয়। চিকিৎসকেরা জানান, উদ্ধার হওয়া কলমগুলোর মধ্যে সবচেয়ে বড়টির দৈর্ঘ্য প্রায় ২৫ সেন্টিমিটার। একটি কলমের ক্যাপও খোলা অবস্থায় পাওয়া গেছে।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের শক্ত কিংবা ধারালো বস্তু পাকস্থলীতে গেলে এর দেয়ালে ক্ষত তৈরি হতে পারে। এর ফলে তীব্র ব্যথা, অভ্যন্তরীণ রক্তপাত এমনকি পাকস্থলীতে ছিদ্র হওয়ার মতো গুরুতর জটিলতাও দেখা দিতে পারে।

অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি।

চিকিৎসাবিজ্ঞানে খাবার নয় এমন বস্তু খাওয়ার অস্বাভাবিক প্রবণতাকে ‘পিকা’ বলা হয়। তবে ওই নারীর ক্ষেত্রে পিকা ছিল কি না, সে বিষয়ে প্রতিবেদনে নিশ্চিত কোনো রোগ নির্ণয়ের তথ্য পাওয়া যায়নি। তার মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য থাকলেও ঠিক কী কারণে তিনি এসব বস্তু গ্রহণ করেছিলেন, তা স্পষ্ট নয়।

সূত্র: টিভি নাইন তেলুগু

সংশ্লিষ্ট খবর

Back to top button