মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিনের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তিনি মৃত্যুবরণ করেন। হারামাইন শরীফাইনের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার ইন্তেকালের খবর জানানো হয়।
শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়ায় দায়িত্ব পালনকারী অন্যতম মুয়াজ্জিন ছিলেন। মুকাব্বিরিয়ার মুয়াজ্জিনরা আজান দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন।
মসজিদুল হারামে বর্তমানে ২৪ জন নিয়মিত মুয়াজ্জিন রয়েছেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্ব পালন করেন। শায়খ ইবরাহিম আল-মাদানি বিশেষভাবে ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য পরিচিত ছিলেন।
জানা গেছে, মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরিতে। আজান, হজ ও ঈদের তাকবিরসহ তার কণ্ঠের বিভিন্ন রেকর্ড সংরক্ষিত রয়েছে।
শায়খ ইবরাহিম আল-মাদানি ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তিনি পবিত্র কোরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে তার মুয়াজ্জিন জীবনের সূচনা হয়।
১৪২৮ হিজরিতে তিনি মদিনার মসজিদ আল-মাদ্দাহতে আজানের দায়িত্ব পালন করেন। পরে ১৪৩৯ হিজরিতে তাকে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মদিনায় বেড়ে ওঠার কারণে শায়খ ইবরাহিম আল-মাদানি আজানের মাদানি রীতি ও সুরের সঙ্গে গভীরভাবে পরিচিত ছিলেন। একই সঙ্গে বাবার সঙ্গে মক্কায় আসা-যাওয়ার সুবাদে তিনি মক্কি আজানের স্বতন্ত্র ধারার সঙ্গেও পরিচিত হন।
মক্কায় অবস্থানকালে তিনি মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন। এর মাধ্যমে মক্কি ও মাদানি—উভয় ধারার আজানের বৈশিষ্ট্য কাছ থেকে শেখার সুযোগ পান তিনি।
মসজিদুল হারামে দীর্ঘদিন মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে শায়খ ইবরাহিম আল-মাদানি মুসল্লিদের কাছে পরিচিত এক কণ্ঠে পরিণত হয়েছিলেন।



