ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির স্কুলগুলোতে শিগগিরই বোরকা ও নেকাব নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশটির স্কুলগুলোর শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পরিকল্পনাও করছে সরকার।
রোববার মিলানে এক জনসভায় এ পরিকল্পনার কথা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, স্কুলে সর্বোচ্চ কতজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবে, তা নির্ধারণে একটি প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে।
মেলোনির দেওয়া তথ্য অনুযায়ী, প্রস্তাবটিতে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে স্কুলের শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নেকাব নিষিদ্ধ করার বিষয়ও রয়েছে।
শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পক্ষে যুক্তি দিতে গিয়ে মেলোনি বলেন, কোনো ক্লাসে একজন শিক্ষার্থী ইতালীয় ভাষা না জানলে শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় তার ভাষা শেখা এবং অন্যদের সঙ্গে মিশে যাওয়া তুলনামূলক সহজ। তবে ভাষা না জানা শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গেলে, বিশেষ করে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠলে, তাদের ইতালীয় ভাষায় শিক্ষিত করা এবং সমাজের সঙ্গে একীভূত করা কঠিন হয়ে পড়ে।
বোরকা ও নেকাবের বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলে অবশ্যই মুখ খোলা অবস্থায় আসতে হবে। তাঁর ভাষ্য, ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে উৎসাহ দেওয়া হয় না, যেখানে কিশোরী বা তরুণীদের মুখ ঢেকে চলাকে উৎসাহিত করা হয়।
বর্তমানে ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর প্রায় ১১ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ১২ জন বিদেশি।
তবে ভবিষ্যতে স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা কত হবে, সে বিষয়ে মেলোনি নির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি।
ইউরোপের অভিবাসনপ্রবণ দেশগুলোর অন্যতম ইতালি। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে বৈধ ও অবৈধ—দুই ধরনের অভিবাসনই রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। দেশটির বর্তমান সরকারের অভিবাসননীতি ও সাংস্কৃতিক একীভূতকরণ নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কও হয়েছে।
মেলোনির রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালির অভিবাসন ও সাংস্কৃতিক নীতিতে বিশেষ করে মুসলিম অভিবাসীদের ধর্মীয় পোশাক, রীতি ও সংস্কৃতি নিয়ে কঠোর অবস্থানের বিষয়টি আলোচনায় এসেছে।
সূত্র: রয়টার্স



