আন্তর্জাতিক

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্ক সিটিতে বৈঠকের পরই এ বিষয়ে কথা বলেন মামদানি।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তা সম্মান করা উচিত। তার মতে, কোনো ব্যক্তিই আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে নন।

গ্র্যাসি ম্যানশনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় বিষয়টি আলোচনায় এসেছিল বলেও জানান মামদানি। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা উচিত।

তবে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে এলেও সম্প্রতি মামদানি স্বীকার করেছেন, নিউইয়র্ক সিটি মেয়র হিসেবে এককভাবে ওই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ক্ষমতা তার নেই। পাশাপাশি নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের বিরোধিতায় কোনো বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেবেন না বলে জানিয়েছেন তিনি।

সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর।

এর আগে ট্রাম্প ও মামদানির বৈঠকে দুই পক্ষ নিজেদের রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে নিউইয়র্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় অভিবাসন আইন প্রয়োগ এবং প্রায় এক বিলিয়ন ডলারের আবাসন প্রকল্পের বিষয়ও উঠে আসে।

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানির মেয়র হিসেবে দায়িত্ব পালনের সূচনাকাল নিয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে নিউইয়র্কের বাসিন্দাদের স্বার্থে প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানান মামদানি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button