ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ নৈশভোজের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বিষয়টি নিশ্চিত করেন। নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে সাক্ষাতের আগ্রহ জানিয়ে একটি চিঠি দিয়েছেন। তবে সম্ভাব্য বৈঠকটি দ্বিপক্ষীয় বিষয় হওয়ায় উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে তা আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে।



