বাংলাদেশ

উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন বিভাগের কর্মচারী (বন মুন্সি) ইসমাইল আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া বন রেঞ্জের থাইংখালী বনবিটের গজোঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গজোঘোনা এলাকায় সরকারি বনভূমির পাহাড় কেটে ডাম্পার দিয়ে মাটি পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে গিয়ে বনকর্মীরা পাহাড় কাটার কাজে বাধা দেন।

বন বিভাগের অভিযোগ, এ সময় জসিম উদ্দিনের নেতৃত্বে একদল স্থানীয় ব্যক্তি বন কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর পাশাপাশি হামলা চালায় বলেও অভিযোগ করেছে বন বিভাগ। এতে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন মুন্সি ইসমাইল আহত হন।

পরে বন কর্মকর্তা ও কর্মচারীদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসা দেওয়া হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে বন বিভাগের অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button