তিস্তায় ভেসে যাওয়া হাতিশাবক উদ্ধার, ফিরে পেল মায়ের কোল

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের তিস্তা নদীতে ভেসে থাকা একটি ক্লান্ত হাতিশাবককে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় কয়েকজন মৎস্যজীবী। পরে বন বিভাগের তত্ত্বাবধানে মা ও শাবকের পুনর্মিলন ঘটে এবং তারা নিরাপদে জঙ্গলে ফিরে যায়।
গত ২১ সেপ্টেম্বর সকালে জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বন বিভাগের গাজলডোবা এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের কয়েকজন সদস্য তিস্তা ব্যারাজের কাছাকাছি নদীতে হাতিশাবকটিকে ভাসতে দেখতে পান। বিষয়টি নজরে আসার পর মৎস্যজীবী মিথু দাস, রাজেশ দাস, বিশ্বনাথ দাস, গোপাল দাস ও বাবলু দাস দ্রুত নৌকা নিয়ে শাবকটির কাছে ছুটে যান।
পরে সবাই মিলে অত্যন্ত সতর্কতার সঙ্গে হাতিশাবকটিকে নৌকায় তুলে নদীর তীরে নিয়ে আসেন। সেখানে বন বিভাগের কর্মকর্তাদের কাছে শাবকটিকে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় নদীতে থাকার কারণে শাবকটি বেশ দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছিল। তবে বন বিভাগের প্রাথমিক পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা ভালো ছিল।
এরই মধ্যে শাবকটির সন্ধানে তার মা নদীর তীরে চলে আসে। পরে বন বিভাগের কর্মীদের উপস্থিতিতে মা হাতিটির সঙ্গে শাবকের পুনর্মিলন ঘটানো হয়। মাকে কাছে পেয়ে শাবকটি তার সঙ্গে জঙ্গলের দিকে চলে যায়।
গাজলডোবা ও আশপাশের এলাকায় প্রায়ই বন্য হাতির চলাচল দেখা যায়। এমন পরিস্থিতিতে স্থানীয় মৎস্যজীবীদের ঝুঁকি নিয়ে হাতিশাবকটিকে উদ্ধার এবং নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় মানুষের ইতিবাচক ভূমিকার একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকল।



