আন্তর্জাতিকইন্ডিয়া

গোপালগঞ্জের দুজনকে সহায়তার অভিযোগে ভারতে সেনা সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে বাংলাদেশের গোপালগঞ্জের দুই বাসিন্দা এবং ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দাহারকান্দ সীমান্ত দিয়ে ওই দুই বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সোমবার রাতে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

পরে আটক দুই বাংলাদেশিকে কলকাতা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তারা গৌতম অধিকারী নামে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যের নাম উল্লেখ করেন। এরপর পুলিশ পশ্চিমবঙ্গের হুগলির মাগরায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্যমতে, গৌতম অধিকারী রাজস্থানের যোধপুরে কর্মরত ছিলেন। বর্তমানে ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন।

ওই দুই বাংলাদেশি কী উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এবং তাদের সঙ্গে ভারতীয় সেনাসদস্যের কী ধরনের যোগাযোগ ছিল, তা জানতে তদন্তকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

আদালতে হাজির করার পর তিনজনেরই ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট খবর

Back to top button