কুমিল্লায় বাঁশ কাটা নিয়ে বিরোধে চাচা-ভাতিজার হামলায় যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচা-ভাতিজার হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মহাকাজীর ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ কাটাকে কেন্দ্র করে শফিকুল ইসলামের সঙ্গে নিশাত (২২) ও লিমন (৪০)-এর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে নিশাত এবং লিমন দা ও ছুরি দিয়ে শফিকুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত নিশাত বারুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং লিমন একই গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এদিকে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।



