বাংলাদেশ

বগুড়ায় থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে আটক আরও ২ চোর

বাংলা টিভি ডেস্ক: বগুড়ার ধুনটে মোবাইল চুরির মামলায় রিমান্ডে থাকা আট আসামির সঙ্গে থানায় দেখা করতে এসে পুলিশের সন্দেহের মুখে পড়েছেন আরও দুই ব্যক্তি। পরে তাদের আটক করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ধুনট থানা পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। তারা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মদ মোস্তফা এবং একই উপজেলার কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা দোকান থেকে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।

ঘটনার পরদিন সকালে সিরাজগঞ্জে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় চুরি যাওয়া মোবাইল ফোনসহ আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, রিমান্ডে থাকা আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছিল। এর মধ্যে মোস্তফা ও বাবুল চৌধুরী তাদের সঙ্গে দেখা করতে থানায় আসেন।

ওসি বলেন, থানায় আসার পর ওই দুই ব্যক্তির গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতা যাচাইসহ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button