বাংলাদেশ

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে তা আরও কার্যকর করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবার বইয়ের মান নিশ্চিত করতে উন্নতমানের কাগজ ও কালি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিম্নমানের হওয়ায় ইতোমধ্যে প্রকাশকদের কাছ থেকে প্রায় তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের বইয়ে মানের ঘাটতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বই বিতরণের পরও অনিয়ম, ত্রুটি বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।

এ ছাড়া ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ড. এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান বাড়ানো এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button