‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

গাইবান্ধা প্রতিনিধি( ডিজিটাল): গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বৌভাতের অনুষ্ঠানে জবাই করা গরুটি চোরাই বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জবাই করা গরুটিই চুরি হওয়া গরু কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে শুক্রবার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। পরদিন ছেলের বৌভাত উপলক্ষে বাড়িতে আত্মীয়স্বজন ও অতিথিদের জন্য খাবারের আয়োজন করেন রফিকুল। এ সময় একটি গরু জবাই করা হয়।
পরে ওই গরুটি চুরি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলাম দাবি করেন, শুক্রবার ভোরে তার গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। বৌভাতের অনুষ্ঠানে জবাই করা গরুটি দেখে তিনি সেটিকে নিজের চুরি যাওয়া গরু বলে শনাক্ত করার দাবি করেন।
এ ঘটনায় শহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে এবং রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, জবাই করা গরুটি চুরি করা হয়েছিল কি না, তদন্তের মাধ্যমে তা নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ছেলের বৌভাতকে ঘিরে যে বাড়িতে উৎসবের আয়োজন চলছিল, চোরাই গরুর অভিযোগ ওঠার পর সেই ঘটনাই এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।



